
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
আদালতের বারান্দায় প্রতিদিনই ভিড় করেন নানা সমস্যায় জর্জরিত মানুষ। কারও জমি দখল হয়েছে, কেউ পারিবারিক নির্যাতনের শিকার, আবার কেউ অর্থের অভাবে আদালতে মামলা করতেই পারছেন না। এমন অসহায় মানুষের কাছে একটি পরিচিত নাম অ্যাডভোকেট আকবর আলী। সাতক্ষীরা জজ কোর্টের এই সিনিয়র আইনজীবী দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক মানুষের আইনি সহায়তায় কাজ করে আসছেন। এ কারণেই আদালতপাড়া থেকে শুরু করে জেলার সর্বত্র তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘গরিবের উকিল’ নামে।
খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সরদার বাড়িতে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট আকবর আলী। তাঁর বাবা প্রয়াত মোহর আলী সরদার দীর্ঘ প্রায় ২৫ বছর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার জনসেবার আদর্শই তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে।
উচ্চশিক্ষা শেষে আইন পেশায় যুক্ত হয়ে প্রায় ১৮ বছর ধরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।
আইন পেশার পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করাকেই নিজের সামাজিক দায়িত্ব মনে করেন অ্যাডভোকেট আকবর আলী। অর্থের অভাবে যারা আইনি লড়াই চালিয়ে যেতে পারেন না, তাদের অনেকের মামলা তিনি বিনা পারিশ্রমিকে কিংবা নামমাত্র খরচে পরিচালনা করেন। ফলে বহু দরিদ্র মানুষ আদালতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভূমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, উত্তরাধিকার ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন বিষয়ে তিনি অসহায় মানুষের পক্ষে আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখেন। শুধু আদালতেই নয়, আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও নিয়মিত কাজ করছেন তিনি।
আদালতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, অর্থের অভাবে যখন তারা অন্য কোথাও আইনি সহায়তা পাননি, তখন অ্যাডভোকেট আকবর আলী তাদের পাশে দাঁড়িয়েছেন। অনেক ক্ষেত্রে তিনি কোনো পারিশ্রমিক নেননি, আবার অনেক ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী নামমাত্র খরচে মামলা পরিচালনা করেছেন।
অ্যাডভোকেট আকবর আলী বলেন, “আইন সবার জন্য সমান। টাকার অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এই বিশ্বাস থেকেই আমি কাজ করি। একজন অসহায় মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
সহকর্মী আইনজীবী ও স্থানীয়দের মতে, সততা, পেশাগত দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে অ্যাডভোকেট আকবর আলী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। প্রায় দুই দশকের আইনজীবী জীবনে তিনি কেবল একজন সফল আইনজীবীই নন, বরং দরিদ্র মানুষের ন্যায়বিচারের লড়াইয়ে এক নির্ভরযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অর্থের অভাবে যাতে কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্য নিয়েই এখনও নিরলসভাবে কাজ করে চলেছেন সাতক্ষীরার মানুষের কাছে পরিচিত ‘গরিবের উকিল’ অ্যাডভোকেট আকবর আলী।