
লুৎফর রহমান হৃদয় স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩) থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের মৃত ফারুক মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (২৪) ও লিপা আক্তার (১৯)। এছাড়া পলাশ মাহমুদ (৩৬) ও মো. সজীব মিয়া (২৮)।
পুলিশ জানায়, গাড়ির বাম পাশের পেছনের চাকার ওপরের বডিতে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বারে ইয়াবাগুলো রাখা ছিল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক এসআই গোবিন্দ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে কক্সবাজার থেকে বড় একটি ইয়াবার চালান ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই নারী কেন্দুয়ার বাসিন্দা হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।