
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা নুর মোহাম্মদ (৪৪) মাতারবাড়ী মৌজার দিয়ারা খতিয়ান নং–২৯১৯ ও দিয়ারা দাগ নং–৬৬৬৭-এর ৩৯ শতক জমির বৈধ মালিক। জমিটি তিনি ক্রয়ের পর থেকে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাহাদুর আলম প্রকাশ বাড়ু, সোনা মিয়া, মো. দিলু ও আবদুল আজিজ সহ তাদের সহযোগীরা তাকে নিরীহ ভেবে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার বিচার প্রার্থনা করা হলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানায় এবং দখল প্রচেষ্টা অব্যাহত রাখে।
ভুক্তভোগীর দাবি, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি জমিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং মারধর, খুন-জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। অভিযুক্তরা দাঙ্গাবাজ ও লাঠিয়াল প্রকৃতির হওয়ায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত সহায়তার জন্য মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী নুর মোহাম্মদ অসহায় হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।