
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জামাদিসহ দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
২৭ জুলাই (সোমবার) মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই মোজাহারুল ইসলাম, এএসআই (নিঃ) ওয়াসীম মিয়া এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়াস্থ ‘বউয়ের জালা হোটেল’-এর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সরঞ্জামাদিসহ মো. শাহেদ (২১) ও মো. আলফাজ (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় এফআইআর নং-৩৯, তারিখ ২৭ জুলাই ২০২৬, জিআর-২২৯/২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।