
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত মওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার লক্ষ্যে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়ে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আবদুল্লাহ আল মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠিত এডহক কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন জনাব মোঃ আল মামুন, যিনি ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।
এ ছাড়া দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিষ্ঠাতা সদস্য থাকলে প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজনকে সভাপতি কর্তৃক মনোনীত করা হবে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন। আর কলেজের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদাধিকার বলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এডহক কমিটি কলেজের প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম সুষ্ঠু ও ধারাবাহিকভাবে পরিচালনায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।