
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ত্যাগ ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।
সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের নিষ্ঠা, সাহস ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।