
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের অগ্রণী ব্যাংক সংলগ্ন তাঁর ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে তাঁর সামাজিক, রাজনৈতিক ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, “খাদেমুল বখতিয়ার” নামে একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদানের গবাদিপশু আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
রাইট বলেন, সরকারি অনুদানের গবাদিপশু আত্মসাতের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সংবাদ সম্মেলনে পাঁচবিবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।