
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা গ্রামে অভিযান চালিয়ে ২৮৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটের দিকে পাঁচবিবি থানার এসআই আলমগীর ও এএসআই জিলানীর নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব কুটাহারা (সরদারপাড়া) গ্রামের আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ‘AKL-One (Syrup Cowhage)’ উদ্ধার করা হয়।
আটক আব্দুর রশিদ ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।