
মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুটি স্থানীয় এতিম মাদরাসায় খাসি হাদিয়া (উপহার) দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার মারকাজ মাদরাসা ও কাছারি মাদরাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এই দুটি খাসি উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
খাসি হস্তান্তরের সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনী এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম।
এছাড়া মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কাছারি মাদরাসার মুহতামিম মাওলানা অলিউল্লাহ সাহেব এবং মারকাজ মাদরাসার মুহতামিমসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
বিএনপির নেতৃবৃন্দ জানান, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতার অংশ হিসেবে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মাদরাসা কর্তৃপক্ষও বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।