
কুমিল্লা দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা মুখপাত্র সাকিব হোসাইন ও তার ভাইকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের শহীদ সুলতান হত্যা মামলায় এজহারনামীয় আসামী না হওয়া সত্ত্বেও দাউদকান্দি মডেল থানার গৌরীপুর ফাঁড়ি পুলিশ অন্যায়ভাবে সাকিব হোসাইন ও তার ভাইকে গ্রেফতার করেছে। তারা দাবি করেন, এই গ্রেফতার জুলাই যোদ্ধাদের হয়রানি করার একটি অপচেষ্টা মাত্র।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসাইন দাউদকান্দি উপজেলায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হচ্ছে। এ সময় তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি না দেওয়া হয়, তবে দাউদকান্দির ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্র-জনতা। উপস্থিত সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি জুলাই মাসের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে দায়েরকৃত একটি হত্যা মামলায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়, যা নিয়ে বর্তমানে ওই এলাকায় ছাত্র সমাজের মধ্যে ব্যাপক উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।