
টেকনাফ প্রতিনিধি//
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ২ জনকে আটক এবং ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকার আলীরডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী থেকে একটি সিএনজিযোগে মাদকের চালান টেকনাফের দিকে আসার খবর পেয়ে বিশেষ তল্লাশি চালানো হয়। পরে ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় সিএনজির চালক ও এক যাত্রীকে আটক করা হয়।
আটকরা হলেন বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া এলাকার আব্দুল আমিন (২২)।
অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইল ফোন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।