
টেকনাফ প্রতিনিধি//
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাহিনীটির দাবি, করিম ডাকাত দলের সঙ্গে জড়িত।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কম্বনিয়া পাহাড়ি এলাকায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে রেখেছেন বলে খবর পায় পুলিশ। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে করিমকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পাহাড়ি এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।