
শাহিন আলম টেকনাফ:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীন ভোটগ্রহণ চলছে। সকাল বেলায় পুরুষ ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হালকা শীত উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
উখিয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী সাংবাদিকদের জানান, এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই পরিবেশ বজায় থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত।
জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় হবে বলে আশাবাদী তিনি।
টেকনাফের কয়েকটি কেন্দ্র ঘুরে সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় (কেজি) কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই কেন্দ্রের ৮টি বুথে ৪ হাজার ১৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৬১ জন; এর মধ্যে পুরুষ ২ হাজার ৩৫ জন এবং নারী ১ হাজার ৮২৬ জন।
ভোট দিতে আসা ফরহিন আক্তার বলেন, ‘আমি ১৭ বছর ধরে নিজের ভোট নিজে দিতে পারিনি। আগেও কয়েকবার কেন্দ্রে আসার আগেই আমার ভোট দেওয়া হয়ে যেত। আজ নিজের ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’
তরুণ ভোটার মো. শাহিন জানান, ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তিনি। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়।
নতুন ভোটার মোহাম্মদ কামাল হোসেন বলেন, জীবনের প্রথম ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে খুব ভালো লাগছে। যাকে ভোট দিয়েছেন তার বিজয় হবে বলে আশা করছেন তিনি।
টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, সকাল থেকে দুই ঘণ্টায় প্রায় ৩৫০ ভোট পড়েছে। শুরু থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিমের ভাষ্য, সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেনু বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে সাইফুদ্দিন খালেদ। তবে মাঠপর্যায়ে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।