
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কালইনজুরা গ্রামের মৎস্য খামারের পাহারাদার ফজলু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
জানাযায়, নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন (লিটন) এর মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান খান জানান, রাতের বেলা সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।