
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫, সিপিসি-২।
গ্রেপ্তাররা হলেন— কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসতঘরের সামনে মাদকদ্রব্যসহ কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়।
অভিযানে সমছিদার পরিহিত সেলোয়ারের কোমরে গোজানো একটি সাদা কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এছাড়া লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল পলিথিনে সংরক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়,গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।