
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় কিশোর অপহরণ ও মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)।
এসআরবি-১৫ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি উখিয়ার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়। পরে তাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার এবং বিষয়টি প্রশাসনকে জানালে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর মাইমুনকে মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।