
সোহাগ হোসেন, সদর উপজেলা, সাতক্ষীরা —
সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা দিনমজুর মো. রমজান আলী (বাবু), একটি মর্মান্তিক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হওয়ার জন্য তার দ্রুত একটি জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রমজান আলী। চিকিৎসা ব্যয়ের পাশাপাশি দৈনন্দিন সংসার পরিচালনা এবং সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতেও পরিবারটি চরম সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে সমাজের মানবিক ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে।
এ অবস্থায় সামাজিক ও মানবিক সংগঠন ‘দামারপোতা সংঘবদ্ধ তরুণ সমাজ’-এর উদ্যোগে এবং সংগঠনের সম্মানিত দেশ ও প্রবাসী মানবিক কল্যাণ উপদেষ্টাদের সহযোগিতায় রমজান আলীর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের জন্য ৫০ কেজি চাল, ৪ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১০ কেজির বেশি মুরগির মাংস, ২৫টি ডিম, ১০ কেজি আলু, ১ কেজি রসুন, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম আদা এবং ছোট কন্যার জন্য ৪ প্যাকেট বিস্কুট ও ২ কেজি প্যাকেটজাত মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের পরিচালক ও সদস্যরা বলেন, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। অসুস্থতার সময়ে একজন মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক—সব দিক থেকেই বিপর্যস্ত হয়ে পড়েন। তাই সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়ে অংশগ্রহণ, খোঁজখবর নেওয়া, মানসিক সাহস জোগানো এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা প্রত্যেক সচেতন নাগরিকের মানবিক দায়িত্ব। সমাজের অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন বিএম তানিম হোসেন। সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য আজহারুল ইসলাম। সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন আরএস সালাম।
পরিশেষে, সংগঠনের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল দাতা, শুভানুধ্যায়ী ও মানবিক সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
মানবতার কল্যাণে — “দামারপোতা সঙ্ঘবদ্ধ তরুণ সমাজ”
দামারপোতা, ধুলিহর, সদর, সাতক্ষীরা।