
সোহাগ হোসেন, সাতক্ষীরা।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রামে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান ওই গ্রামের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি সাতক্ষীরা সদর থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
শুক্রবার (১০ জুলাই) সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে সাতক্ষীরা সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজ বাড়ির পেছন থেকে কিশোরের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।