
মাসুদ রানা, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাছখোলা বাজারের অতি পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় মুরব্বি আব্দুল গফফার সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর এবং তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ সকালে বৈরী আবহাওয়া ও তীব্র বৃষ্টি উপেক্ষা করে মরহুমের জানাজার নামাজে অংশ নিতে শত শত মানুষ মাছখোলা বাজারে সমবেত হন।পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ জুলাই (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় মাছখোলা বাজারে আব্দুল গফফার সর্দারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নির্ধারিত সময়ের ঠিক আগে মুষলধারে বৃষ্টি শুরু হলেও স্থানীয় এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে ছুটে আসা তৌহিদী জনতা থেমে থাকেননি। প্রতিকূল আবহাওয়া ও তীব্র বৃষ্টি মাথায় নিয়ে প্রত্যেকেই হাতে ছাতা ধরে পরম শ্রদ্ধায় জানাজার নামাজে শরিক হন। মরহুমের প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসা ও শ্রদ্ধা জানাজায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
মরহুম আব্দুল গফফার সরদার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মারাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত দবিরউদ্দিন সরদার।তিনি ব্যক্তিগত জীবনে সততা ও কর্মনিষ্ঠার জন্য এলাকায় অত্যন্ত সম্মানিত ছিলেন। আমৃত্যু তিনি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। মৃত্যুর সময় তিনি দুই পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আব্দুল গফফার সরদারের ইন্তেকালে পুরো মাছখোলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।