
সিরাজগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আব্দুল আলীম মন্ডল। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ শুরু করেছেন।
আব্দুল আলীম মন্ডলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তিনি বর্তমান বাঘাবড়ি নৌ- বন্দর ঘাট বিএনপির সাধারণ সম্পাদক, পোতাজিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শাহজাদপুর উপজেলা ‘কোকো স্মৃতি সংসদ’-এর সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।২০১৫ সালে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আয়োজিত শোক বইয়ে প্রথম স্বাক্ষরকারীদের একজন হিসেবে আব্দুল আলীম মন্ডল দায়িত্ব পালন করেন বলে তার ঘনিষ্ঠজনরা জানান।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আব্দুল আলীম মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সঙ্গে আছি। তাদের সুখ-দুঃখের কথা শুনেছি এবং সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। জনগণ আমাকে সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “পোতাজিয়া ইউনিয়নের মানুষের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য। শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে চাই।”
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পোতাজিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ ও গণসংযোগও বাড়ছে। এরই মধ্যে আব্দুল আলীম মন্ডলের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।