
শরৎ প্রভাতের রূপ
আব্দুল কাদের
পূবের দিকে ছড়ায় আলোর নরম নরম আভা,
রঙিন হলো প্রভাত ফেরি, কী অপরূপ শোভা!
পদ্মদিঘির স্বচ্ছ জলে ভাসে শরৎ আকাশ,
কলি ফোটে মেলে ধরে তার রূপেরই প্রকাশ।
শিশির ভেজা ফুলের গন্ধ নেয় মেখে তার প্রাণ,
সাদা কাশের রন্ধ্রে রন্ধ্রে ভোরের আলোর বান।
কাগজ ফুলের মালা হাতে কে যায় ওই দূরে?
নদীর স্রোতে হীরার মতো ফুলে ভেসে সুরে।
রোদের ভেলায় মন হারিয়ে সেথায় আপন মনে,
ছুটে চলে পাখির ডানায় দূর -সীমানার পানে।
জীবন যেন নদীর স্রোতের মতো বহে -রত,
কখন শান্ত, কখন চঞ্চল, সময়েরই মতো।
নদীর বুকে রুপালি চাঁদ আলোর নাচন তোলে,
কেশব রংয়ে নারী যেন আনমনে কেশ দোলে।
গ্রামের বধূ আসবে ঘাটে, বকুল গাছের তলে
স্রোতের টানে নৌকাগুলো যায় ভেসে যায় জলে।
খিলখিলিয়ে হাসে বাতাস, ছুঁয়ে যায় তন্-মন,
নদীর তীরে কাশের বনে জাগায় শীতল -রণ।
এমন সকাল, এমন দুপুর, এমন সাঁঝের বেলায়,
জীবন যেন সেজে ওঠে প্রকৃতির সে মেলায়।
মো. আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি, বগুড়া।