
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের হরিনখাইন এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় এলাকায় পুলিশি তৎপরতা ও চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
এর অংশ হিসেবে শনিবার রাতে মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি দল ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় আদিনাথ জেটিঘাট থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিটি থামার পর ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করলেও অপর দুজন পালিয়ে যান।
পরে উপস্থিত লোকজনের সামনে সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর সাদা ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি পাওয়া যায়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইনফিনিক্স ও ভিভো ব্র্যান্ডের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
৩০ আগস্ট (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালী থানা পুলিশের আয়োজনে অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্টের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান পিপিএম প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়াও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এ মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাদের নাম প্রকাশ করা সমীচীন হবে না।