
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে সিপাহীর পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে জালাল (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
স্থানীয়দের জানামতে, নিহত লাশটি জয়নাল (প্রকাশ জালাল) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিপাহীর পাড়ার বড় বিলের একটি ধানক্ষেতে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিক আশেপাশের এলাকায় জানাজানি হলে পরবর্তীতে তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয়দের মতে এটি পরিকল্পিত হত্যা হতে পারে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হলে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
এবিষয়ে এলাকার মধ্যে ভীতিকর পরিস্থিতিতে উদ্বিগ্ন বলে জানান এলাকাবাসী।