
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর গ্রামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিপুর এলাকার মাহমুদ হোসেনের ছেলে হামিদের সঙ্গে প্রায় দুই বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী সাফিয়া (২১)-এর বিয়ে হয়। তাদের সংসারে সাত মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। নিহত সাফিয়া উপজেলার মিঠাছড়ি এলাকার আমির হোসেনের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে মোবাইল ফোনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাফিয়া আহত হন। পরে তাকে শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর একটি বেসরকারি চিকিৎসকের চেম্বারেও নেওয়া হলে সেখানেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার পর স্বামী হামিদসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিবারের সদস্যদের অবহিত করে।
নিহতের পরিবারের দাবি, সাফিয়াকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো এবং এ মৃত্যুর জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা দায়ী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে।