
বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- আগুনের গ্রাস থেকে মুক্তি পাচ্ছে না কলকাতা। বার বার করে কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লাগছে। মেছুয়া বাজারের পরে শুক্রবার ভর দুপুরে আগুন লাগলো সল্টলেক সেক্টর ফাইভে। ফিলিপস মোড়ের কাছে আগুন লেগেছে বলে খবর৷ ওই বহুতলের একটি কারখানায় আগুন লেগেছে৷ ঘটনাস্থলে পর পর বিস্ফোরণের শব্দ গিয়েছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা৷ ঘটনাস্থলে কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন৷ কারখানার ভিতর থেকে কর্মীদের বের করে আনা হয়েছে৷ আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর৷ দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছেছেন৷ পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনারও৷ এখনও বহুতলের ভিতরে প্রবেশ করতে পারেনি দমকল৷ কারখানার ভিতরে এখনও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে৷ কারখানার কর্মীরাই সেই সমস্ত রাসায়নিক সরিয়ে ফেলার চেষ্টা করছেন৷আগুন দ্রুত কারখানার পিছন দিক থেকে সামনের অংশে ছড়িয়ে পড়ছে বলে খবর৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷ কারখানার ভিতরে ঢোকার পরিস্থিতি না থাকায় পাশের বহুতলের বারান্দা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ কারখানার ভিতরের অংশেো আগুন ছড়িয়ে পড়েছে৷ গত মঙ্গলবারই কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সল্টলেকে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷