
মোঃ সেরাজুল ইসলাম: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় রাজনৈতিক সৌহার্দ্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং দলমত নির্বিশেষে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, বেলকুচি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, পৌর জামায়েত ইসলামীর আমীর গোলাম সারোয়ার, ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা শাখার সভাপতি আরিয়ান ইসমাইল, পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম, সহ উভয় দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বেলকুচিকে একটি শান্ত, নিরাপদ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের মাঝে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গঠনমূলক আলোচনার বিকল্প নেই। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এলাকার সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে, উপজেলার সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।