
মো: সালাউদ্দীন – দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে সনাতনী সমাজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে উপজেলার সর্বস্তরের সনাতনী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়। সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়।
এসময় বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়সহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিবির মিডিয়া সেলের মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননের উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচার করা হচ্ছে। একটি দলের পক্ষ থেকে পরিচালিত ওই মিডিয়া সেলের মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা দাবি করেন, প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ছবি ও অবয়বের সঙ্গে ফরহাদ হোসেন আজাদের কোনো মিল নেই। মাথা এক ব্যক্তির, আর শরীর অন্য ব্যক্তির।
বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সারাদিন সরকারি দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তার জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করতেই এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।