
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।