
টেকনাফ প্রতিনিধি//
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে মাদকের বড় চালান প্রবেশের খবর পেয়ে বিশেষ আভিযানিক দল ফ্যান্টম বোটযোগে নাফ নদীতে অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়।
বিজিবির নৌ-টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
পরে নৌকাটি তল্লাশি করে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি, উদ্ধারকৃত আইস ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।