
টেকনাফ প্রতিনিধি//
পুরনো মাদক হেরোইন নতুন করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে হেরোইন, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে উপকূলজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকালে টেকনাফের সেন্টমার্টিনসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দের পর এসব কথা জানায়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফের কেরুনতলী কোস্ট গার্ড স্টেশনে লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হেরোইন পুরনো মাদক। তবে নতুন করে এর প্রবেশের বিষয়টি আমাদের জন্য উদ্বেগের। তবে সব ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।’
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিনসংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হলে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, সেন্ট মার্টিনসহ উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।