
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর যৌথ বাহিনী।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—টেকনাফ থানা অধীনস্থ বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় কুখ্যাত মানব পাচারকারী মোঃ আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে আটক করে রেখেছে। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা চলছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং র্যাবের সমন্বয়ে বাড়িটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।