
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
৯ মাসের বকেয়া বেতন ও ২১ মাসের পরিবহন বিল পরিশোধের দাবি
চট্টগ্রাম: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই (Expanded Programme on Immunization) কার্যক্রমে নিয়োজিত অনিয়মিত শ্রমিক ও পোর্টাররা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। বেতন ও পরিবহন বিলের বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার ইপিআই পোর্টাররা আজ চট্টগ্রাম সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের মে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস এবং ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ২০২৫ সালের জানুয়ারি, মার্চসহ মোট ৯ (নয়) মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে চলতি সময় পর্যন্ত ২১ (একুশ) মাসের পরিবহন বিলও পরিশোধ করা হয়নি।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় বেতন ও পরিবহন খরচ না পাওয়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানের শিক্ষা ব্যয় ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। নিয়মিত দায়িত্ব পালন করেও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তারা সিভিল সার্জনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
ইপিআই কর্মীরা দ্রুত বকেয়া ৯ মাসের বেতন এবং ২১ মাসের পরিবহন বিল পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।