
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরদল এলাকায় ২৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) বিকেলে কালিয়াকৈর কলেজের পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৫), সে উপজেলার বলিয়াদী শানাইদারপাড়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী, বলিয়াদী টেঁকি বাড়ি এলাকার আমির আলীর ছেলে হাসান পালিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান ও হাসান দীর্ঘদিন ধরে বড়দল, বলিয়াদীসহ আশেপাশের এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। বুধবার বিকেলে স্থানীয় লোকজন মাদক কেনাবেচার সময় তাদের আটক করে এবং কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিজানকে গ্রেফতার করে, তবে হাসান পালিয়ে যায়।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবাসহ মিজানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক হাসানকে আটকের চেষ্টা চলছে।”