
তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে শিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড অর্জন, দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Strengthening Higher Education through BNQF and Accreditation’ শীর্ষক এ আয়োজন করা হয়। আইকিউএসি-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. নওশীন জাহানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।
সেমিনারে মূল বিষয়বস্তুর ওপর রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ রেজা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক, খুকৃবি সিন্ডিকেট সদস্য ও বাকৃবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক। আলোচকগণ যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন, ফলাফলভিত্তিক শিক্ষা (OBE) পদ্ধতির বাস্তবায়ন ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, আধুনিক শিক্ষাব্যবস্থায় কেবল সনদ প্রদান নয়, বরং নির্ধারিত শিক্ষা কার্যক্রম শেষে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ সুনির্দিষ্ট করাই বিএনকিউএফ-এর মূল উদ্দেশ্য। একইসাথে অ্যাক্রেডিটেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের অবকাঠামো, গবেষণা ও প্রশাসনিক ব্যবস্থার ধারাবাহিক মূল্যায়নের সুযোগ তৈরি হয়, যা বিশ্বজুড়ে আমাদের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছায়া ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে তারা বিএনকিউএফ বাস্তবায়নের নানাবিধ দিক নিয়ে মতবিনিময় করেন এবং খুকৃবির শিক্ষাক্রমকে সময়োপযোগী করতে আইকিউএসি-এর ভূমিকা আরও শক্তিশালী করার জোর দাবি জানান। অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়েই সেমিনারটি সফলভাবে সমাপ্ত হয়।