
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মেহেদী হাসান জুনায়েদ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।