
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া কিশোরের নাম মো. জসিম (১৫)। সে গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয়। পরে ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর থেকে কিশোরের বাবা সৈয়দ আহম্মদের ইমোতে ফোন করে ছেলের মুক্তির বিনিময়ে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে কিশোরকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোর ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।