
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে একজন ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে প্রবেশ করতে দেখতে পান। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাছের ক্যারেটটি ঘটনাস্থলের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।