
শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও মৃত করিম ডাকুয়ার ছেলে আবুল কালাম ডাকুয়া, মৃত রুস্তম মৃধার ছেলে রাজিব মৃধা (ওরফে) টোল রাজু, মৃত আয়নাল মাঝির ছেলে জাকির মাঝির। সবাই পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের(২৮ আগস্ট) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার সহ নেতাকর্মীরা ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করেন। সভা চলাকালে সোহাগ খলিফা সহ সজীব হাওলাদার, মিজানুর রহমান টিটু, তোজব্বর আলী হাওলাদার সহ অনেক নেতাকর্মীরা ওই সভায় উপস্থিত থাকেন।
ওই সময় সভা চলাকালে উপজেলা শ্রমিক লীগে সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মীরা পূর্বের দাবিকৃত চাঁদা না পেয়ে লাঠিসোটা নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। এতে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, কালাম ডাকুয়া, রাজিব মৃধা, জাকির মাঝি নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হামলার মামলা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।