
মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা ॥
পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশের অভিযোগে মিঠন মুল্লিক (পরিচিত নাম মিঠন) নামে এক যুবককে আটক করেছেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে হাসপাতালের একটি রোগীর কেবিনে প্রবেশ করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে আনসার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হাসপাতালে আসার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আটক যুবকের সঙ্গে কথা বলে তার হাসপাতালে আসার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার দেহ তল্লাশি করে চুরির কোনো মালামাল পাওয়া যায়নি। ফলে চুরির অভিযোগের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা জানান, ভোরবেলা রোগী ও স্বজনদের অধিকাংশ ঘুমিয়ে থাকেন। এ সুযোগে মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করার ঘটনাও ঘটে। তাই হাসপাতালের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থানে থাকেন।
আটক মিঠন মুল্লিক পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামের আলম মুল্লিকের ছেলে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের মধ্যে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।