
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
শিক্ষার মান মানোন্নয়ন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলার উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা ও উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান মুকুল, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহেরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।