
শাহিন আলম টেকনাফ :
টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় পরিচালিত দুঃসাহসিক অভিযানে ৬ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ অক্টোবর ২০২৫) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীদের মূল আস্তানা ঘিরে প্রায় ৬ ঘণ্টাব্যাপী ‘বজ্র’ নামের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক পাচারকারীকে আটক ও পাচারকারীদের ব্যবহৃত ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, তাদেরকে বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে বিক্রি করা হয়। পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রাখা হয়েছিল তাদের।
অভিযানে বিজিবি সদস্যরা পাহাড়ে গা-ঢাকা দেওয়া পাচারকারীদের বিরুদ্ধে সাহসিকতা, পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের এক অনন্য নজির স্থাপন করেন।
অভিযানে আটক পাচারকারী হচ্ছেন মোঃ রুবেল (২১), পিতা মোঃ হোছন, গ্রাম করাচীপাড়া লেঙ্গুরবিল, টেকনাফ, কক্সবাজার।
পলাতক পাচারকারীরা হলেন আব্দুল্লাহ (২৬), রিয়াজ (৩০), মোঃ হোছন (৪৬), আনোয়ারা বেগম (৪০), রায়হান (২৪), জয়নাল (২৪), আব্দুল্লাহ (২৫) — সকলের বাড়ি টেকনাফের করাচীপাড়া লেঙ্গুরবিল এলাকায়। এছাড়া সিরাজ (২৬), গ্রাম বড়ইতলি, টেকনাফ।
আটক পাচারকারী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়
লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই অভিযান আমাদের অঙ্গীকারের প্রতিফলন—সীমান্তে অবৈধ কার্যকলাপের কোনো স্থান থাকবে না।