
মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধিঃ
জাতীয় গণমাধ্যম ‘এনপিবি’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সারণির ম্যানগ্রোভ সভাঘরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখা সভাপতি মেহেদী হাসান এনপিবি’র জেলা প্রতিনিধি মো. হোসেন আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মেহেদী হাসান বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি সাতক্ষীরার অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পত্রিকাটি এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখবে।”
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। নতুন এই গণমাধ্যম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।
শুভেচ্ছা বিনিময়কালে এনপিবি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. হোসেন আলী ছাত্রশিবির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম ও পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।