
আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর স্লুইসগেট সংলগ্ন ভৈরব নদীতে এক আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় এই বর্ণিল গ্রামীণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
ভৈরব নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় এবং ঢোল-তবলার বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।
এ সময় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, কার্পাসডাঙ্গা ক্যাম্প ইনচার্জ মো. জুম্মান, সুবলপুর গ্রামের বিএনপি নেতা মো. আরিফ পালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানটি কভার করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন মো. আরিফুল ইসলাম (আরিফ) এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম। পুরো প্রতিযোগিতাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন আবু বক্কর মাস্টার।
দিনব্যাপী চলা এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত সুসজ্জিত নৌকাগুলো অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দে এবং দর্শকদের উল্লাসে ভৈরব নদীর তীর প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।