
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার সলিমপুর ইউনিয়নের চার মিরকামারী গ্রামের বাসিন্দা মোঃ খাইরুল ইসলাম (২৮) পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। কাজের সূত্রে তিনি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করতেন। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগীর পরিচিত হওয়ায় বিশ্বাসের ভিত্তিতে মোটরসাইকেলটি তার কাছে দেন।
গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা হাট এলাকায় ভুক্তভোগী তার ব্যবহৃত ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলটি অভিযুক্ত ব্যক্তির নিকট সাময়িক ব্যবহারের জন্য দেন। কিন্তু এরপর থেকে অভিযুক্ত মোটরসাইকেলটি নিয়ে চলে যায় এবং দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা আর ফেরত দেয়নি।
ভুক্তভোগী একাধিকবার অভিযুক্তের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও প্রথমে আশ্বাস দিলেও পরবর্তীতে ফোন বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।