
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ এর সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, বিগত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে এম এ মান্নানকে আটক করে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। আদালত সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কিন্তু কারাগারে যাওয়ার ১৫ দিন পর শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সুনামগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
২ সেপ্টেম্বর আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। এই মামলায় কারাগারে ছিলেন সাবেক মন্ত্রী।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।