1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গার 'দর্শনা ডিলাক্স' ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন।

মোঃ আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান/শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়েই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জনের নিথর দেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি হলেন চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী গুরুতর ও সাধারণ আহত হয়েছেন। উদ্ধারকারী দল ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ১১ জনকে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া সামান্য আহত ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রীরা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। পরিচয় পাওয়া আহতরা হলেন:

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা অঞ্চল: হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), সন্দীপন বসু (৪০), অনিফিন (১৭) এবং বোরহান উদ্দিন (৫৫)।
জীবননগর এলাকা: ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮) ও হাসিব (২২)।
মেহেরপুর (মুজিবনগর): গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬)।
ঝিনাইদহ (মহেশপুর): রফিকুল ইসলাম (৩৫) ও তিশা (২৪)।
অন্যান্য জেলা: মাগুরা সদরের রায়হান (২১) এবং ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গভীর রাতে দর্শনা ডিলাক্সের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা চালান বাসচালক। এসময় বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের শক্তিশালী সুরক্ষা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে রাস্তার পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।

ঘটনার পর পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park