
মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর ( নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল ঘোষণাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এখলাছুর রহমান খান, সহ-সভাপতি রোজিনা আক্তার, প্রধান শিক্ষিকা নাসরিন রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, হামিদা সুলতানা, শবনম, বিলকিস, মিশকাত, জান্নাত ও জোনাকিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি প্রত্যাশিত ফল করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামী পরীক্ষায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের গুরুত্ব অপরিসীম। ফলাফল শুধু সাফল্যের পরিমাপক নয়, বরং শিক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ সময় শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।