
তাসলিমা রত্না ময়মনসিংহ
জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহের আবেদনের জন্য ভোগান্তি এ দেশে যেন স্বতঃসিদ্ধ হয়ে গেছে। এ ভোগান্তির মূলে রয়েছে দালাল চক্র। দালালের দৌরাত্ম্য দূর করতে অভিযান চালানো হয়, দালালদের ধরাও হয়, এরপরও ভোগান্তি থেকেই যায়। কারণ, এক চক্রকে থামানো গেলেও সেখানে ঢুকে যায় আরেক চক্র। কারণ, কর্তৃপক্ষের ভেতরেই মানে শর্ষের মধ্যেই যখন ভূত থাকে, তখন সেটিই তো ঘটবে। ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এমন চিত্রই দেখা গেছে, যা কোনোভাবেই কাম্য নয়।
পাসপোর্ট আবেদন ফরম পূরণের সময় অনেকের নানা তথ্যঘাটতি থেকে যায়। সাধারণ মানুষ অনেক কিছু না বোঝার কারণে আবেদনে ত্রুটি থেকে যায়। আনুষঙ্গিক নথিপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদের কপি আনতে ভুলে যান অনেকে। ফলে সেই আবেদন তখন গ্রহণ করা হয় না এবং পরে যথাযথভাবে পূরণ করে বা সব প্রয়োজনীয় কাগজপত্রসহ নিয়ে আসতে বলা হয়। কিন্তু ময়মনসিংহ পাসপোর্ট কার্যালয়ে দেখা যাচ্ছে, পাসপোর্টের জন্য আবেদনে কোনো ত্রুটি থাকলেও কোনো সমস্যা নেই। দালাল ধরলেই সহজে মিলে যাচ্ছে পাসপোর্ট।দালালদের মাধ্যমে কর্মকর্তারা ঘুসের টাকা কালেকশন করেন।