
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামের ফয়জুর রহমান নামে এক ব্যবসায়ীর পুকুরে বিষ ঢেলে পনেরো লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়জুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ফয়জুর রহমান (৫৬) উল্লেখ করেছেন, তিনি দীর্ঘ ২০/২৫ বছর ধরে পুকুরে মাছের চাষ করে আসছেন। দুই বিঘা আয়তনের ওই পুকুরে নিয়মিত পোনা ফেলে পরিচর্যা এবং বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে একই গ্রামের পাশাপাশি সাকিনের বিবাদীগন তার পুকুর ও বসতভিটা দখলের পায়তারা চালাচ্ছিল। ৩১ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মাসুম আহমদ, হারুন মিয়া, আব্দুল খালিক, রেজাউল ইসলাম রাজু, ফখরুল ইসলাম, তৈয়বুর রহমান, মিছির আলী, আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় তার বসতবাড়িতে প্রবেশ করে। এসময় বিবাদীরা বাড়ির সীমানা পিলার, বাঁশের বেড়া ও গাছপালা ভাঙ্গচুর করে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়। এই সময় তার ভাই হবিবুর রহমান বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রাণভয়ে তিনি দৌড়ে ঘরে গিয়ে দরজা-জানালা বন্ধ করে আত্মরক্ষা করেন। ফয়জুর রহমান বলেন-এরা দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। স্থানীয়ভাবে বহুবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোন ফল হয়নি। উল্টো তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার জীবন-জমি হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন পুকুরে বিষ প্রয়োগ করায় মাছ মারা যাওয়াতে পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ প্রতিবেদক কে লাইভে সাক্ষাৎকারে ফয়জুর রহমান বলেন, আমার কারো সাথে কোন খারাপ সম্পর্ক নাই, একমাত্র আমার ভাইদের সাথেই জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকালকেও তারা আমার বাড়ির সীমানা পিলার, বাঁশের বেড়া ও গাছপালা ভাঙ্গচুর করেছে এবং প্রশাসনের কাছে তারা শিকারও করেছে। এসময় তিনি সন্দেহ করে বলেন একমাত্র তারাই আমার এই ক্ষতি করেছে।
বিবাদী রেজাউল ইসলাম রাজুর কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন, আমার ত অভিভাবক আছে, তারা মামলা করতেছে এ বিষয়ে কিছু বলার নাই।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবির হোসেন বলেন থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।