1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে দোলনায় আর নেই শিশুদের আনন্দ, ঝুলছে শুধু ধুলা আর অবহেলার ছাপ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বিরামপুরে দোলনায় আর নেই শিশুদের আনন্দ, ঝুলছে শুধু ধুলা আর অবহেলার ছাপ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শোটাপির কাচারি এলাকায় ছোট যমুনা নদীর তীরে গড়ে ওঠা একসময়ের প্রাণবন্ত শিশু পার্ক আজ অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এক সময় প্রতিদিন প্রায় ৭০ জন শিশু এখানে খেলাধুলা ও বিনোদনে মেতে উঠত। আজ সেখানে নেই কোনো কোলাহল, নেই হাসি-খুশির শব্দ বরং জরাজীর্ণ রাইডগুলোতে জমেছে ধুলা, ময়লা আর মাকড়সার জাল।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজুল) এর উদ্যোগে এবং একটি এনজিও সংস্থার সহযোগিতায় শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য নির্মিত হয়েছিল এই পার্ক। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবে কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত পার্কটি এখন গবাদি পশু বাঁধার স্থানে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে পার্কে প্রায় ১৪টি খেলাধুলার সামগ্রী থাকলেও প্রতিটি আজ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কিছু শিশু এখনও ভাঙা দোলনায় ঝুলতে চেষ্টা করছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিনোদনের স্থানের বদলে পার্কটি এখন পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। অথচ এই পার্কটি যদি সচল থাকত, তারা মাঠে দৌড়ঝাঁপ করে সুস্থভাবে বড় হতে পারত।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শিশু পার্কটি নির্মাণ করা হলেও পরবর্তীতে আর কোনো সরকারি সহযোগিতা মেলেনি। সঠিকভাবে দেখাশোনা না করার কারণেই আজ এ অবস্থা হয়েছে।

এছাড়া ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সহ-সভাপতি ইস্তামুল হক বলেন, পার্কটি দ্রুত সংস্কার করা জরুরি। শিশুদের নিরাপদ খেলাধুলা ও মানসিক বিকাশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়রা বলেন, শিশুদের জন্য এটাই ছিল একমাত্র বিনোদনকেন্দ্র। এখন শিশু-কিশোররা মাঠের বদলে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। তারা জোর দাবি জানিয়েছেন শিশু পার্কটি সংস্কার করে নিয়মিত তত্ত্বাবধানে নিয়ে আসা হোক।

একটি সমাজের শিশুদের মানসিক বিকাশ, সুস্থ দেহ ও বিনোদনের জন্য একটি ছোট পার্ক কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। অথচ দায়িত্বহীনতা ও উদাসীনতায় পার্কটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় অবিলম্বে সংস্কারের উদ্যোগ না নিলে এটি চিরতরে হারিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park